উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খেলোয়াড়ি জীবন শেষে এই প্রথমবার কোনো দলের কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তিনি এই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছিলেন, যা ছিল তৎকালীন টুর্নামেন্টের রেকর্ড। এবার প্রধান কোচ সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি। এর আগে শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল যুবরাজকে স্বাগত জানিয়ে বলেন, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচজয়ী হিসেবে তাঁর অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলের জন্য অত্যন্ত মূল্যবান হবে। আইপিএলে ১৩২ ম্যাচে ২ হাজার ৭৫০ রান এবং ৩৬টি উইকেট শিকারি যুবরাজ নিজের নতুন দায়িত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচাতে তিনি নিজের সেরাটা দিতে প্রস্তুত।