উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
১৪ দিনের দাওয়াতি সফরের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা তাঁকে বিদায় জানান। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও কমিউনিটি আয়োজিত দাওয়াতি সভায় তিনি বক্তব্য রাখবেন এবং বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। এদিকে, সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এক বিবৃতিতে জানান, ৬০টির বেশি ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এই শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি টিকিটের টাকা ফেরত বা রিফান্ডের বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সীমিত আয়ের এসব মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় তাদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।