উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভায় এই গুরুত্বারোপ করেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, কৃষিজমির ওপর চাপ বাড়ছে, তাই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা রক্ষায় টেকসই কৃষিচর্চা ও আঞ্চলিক অংশীদারত্ব এখন সময়ের দাবি। এছাড়া সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র প্রসারের অঙ্গীকার করেন। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নেপালের প্রতিনিধি ও পর্ষদের চেয়ারপারসন শবনাম শিবাকোটি। কৃষি সচিব মো. সেলিম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আন্তঃসীমান্ত রোগবালাই ও জলবায়ুজনিত প্রতিকূলতা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে কৃষি উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন।