উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে শীর্ষ দুই পদে বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বহাল থাকছেন। দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার কিংবা বুধবার পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। মূলত নেতাদের দক্ষতা ও পারফরম্যান্স বিবেচনা করেই এই পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে দলটির নেতৃত্বের বর্তমান ‘সুপার ইলেভেন’ কাঠামোটি ‘সুপার সিক্সে’ রূপ নেবে। নতুন পদায়ন অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে গতিশীলতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সংসদে দলটির আটজন সদস্য প্রতিনিধিত্ব করছেন। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, অনেককে সমন্বয় করতে আগে কিছু পদ তৈরি করা হলেও এখন কাজের গতি বাড়াতে কাঠামো পুনর্গঠন প্রয়োজন বলে মনে করছে দল। নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা মূলত দলের বিভিন্ন সেল ও সহযোগী সংগঠনগুলো দেখভাল করবেন। ২০২৭ সালের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে এনসিপির।