উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সৌদি আরবের রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র ক্ষোভ জানিয়েছে। সোমবার এক শোকবার্তায় হেফাজতের আমির ও মহাসচিব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিতের আহ্বান জানান। নেতৃবৃন্দ আহতদের সম্পূর্ণ বিনা মূল্যে সর্বাধুনিক চিকিৎসা প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। বেসামরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা কিংবা প্রবাসেই মর্যাদাপূর্ণ দাফনের ব্যবস্থা করার কথা বলা হয়। নিহতদের পরিবার যেন যথাযথ ক্ষতিপূরণ পায়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে কূটনৈতিক পদক্ষেপের অনুরোধ জানানো হয়। আঞ্চলিক শান্তি রক্ষা ও হামলা বন্ধে জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও এই হামলার নিন্দা জানিয়ে ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।