উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালা সংস্কার করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যেই জনমত গ্রহণের জন্য এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। সোমবার (১২ অক্টোবর) ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন এবং নতুন বিনিয়োগপণ্য চালুর বিষয়েও কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। সেমিনারে বিনিয়োগকারীদের সতর্ক করে বিএসইসি চেয়ারম্যান বলেন, যেকোনো কোম্পানিতে বিনিয়োগের আগে তার আর্থিক বিবরণী ও মৌলভিত্তি ভালোভাবে যাচাই করা জরুরি। কোনো ধরনের গুজবে কান না দিয়ে বা অস্বাভাবিক মুনাফার লোভে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিএসইসির কমিশনারবৃন্দ ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।