উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
দেশে হত্যা, ধর্ষণ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মাওলানা মামুনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে হত্যা, ধর্ষণ, ছিনতাই, হামলা ও ভাঙচুরের মতো ঘটনা জননিরাপত্তা বিঘ্নিত করছে। প্রতিটি অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়ে ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন মামুনুল হক। মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলের প্রধান শত্রু ইসরায়েল। তাই ইসরায়েলকে শক্তিশালী করে এমন সব ধরনের কার্যক্রম থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিরত থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বৈঠকে সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি ও মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মোহাম্মদ ফয়সালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।