উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ঠিক পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মূলত টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোতে ছুটি বলবৎ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম সচল থাকবে। গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি সেবা অব্যাহত থাকবে। এই দিনগুলোতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, বুথ ও উপশাখাগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি সংক্রান্ত কাজ চালু রাখা হবে। বিদ্যমান নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে এসব শাখা স্থানীয় প্রশাসন এবং বন্দর বা শুল্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বন্দর এলাকার বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কার্যক্রমের গতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।