উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আবুধাবি টেস্টের প্রথম দিনে দারুণ সূচনার পরও হঠাৎ ছন্দপতন ঘটেছে বাংলাদেশ দলের। আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র চার রানের ব্যবধানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসে চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২২৬ রান। শুক্রবার আবুধাবির উষ্ণ আবহাওয়ায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই আফগান বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং চালান ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪১ বলে ক্যারিয়ারের দ্রুততম ফিফটি স্পর্শ করা তানজিদ ৮৩ রান করে আউট হন। তার ৭১ বলের আগ্রাসী ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার। দলীয় ১২৪ রানে তানজিদ ফেরার পর সাদমান ইসলাম ও মুমিনুল হক দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। টেস্ট মেজাজে ব্যাটিং করে সাদমান ব্যক্তিগত ৬৭ রানে বিদায় নেওয়ার পরও চালকের আসনেই ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনের একেবারে শেষ মুহূর্তে আঘাত হানেন আফগান পেসার ইয়ামিন আহমদজাই। নিজের পর পর দুই ওভারে তিনি সাজঘরে ফেরান সেট ব্যাটার মুমিনুল (৩৯) ও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে (০)। এরপর লেগ স্পিনার কায়েস আহমেদের বলে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক শান্ত (২৯)। চা বিরতির পর ক্রিজে নেমে ইনিংস মেরামতের লড়াই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।