উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামে বাংলাদেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো টুরিজম প্রকল্প ‘সুখের খামার এগ্রো ভিলেজ’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বাঁকাদিঘীর পাড় এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। এই প্রকল্পে সাধারণ মানুষ শেয়ারের মাধ্যমে জমিসহ প্রকল্পের মালিক হওয়ার সুযোগ পান। সুখের খামার এগ্রো লিমিটেড পরিচালিত এই উদ্যোগে ১৫টি উৎস থেকে অর্জিত লাভের অংশ, রিসোর্টে বিনামূল্যে থাকা এবং সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুবিধা রয়েছে। প্রকল্পটি বর্তমানে শরীয়াহভিত্তিক মুশারাকা মডেলে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো: তাসদীখ হাবীব জানান, এগ্রো টুরিজম কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট কৃষির নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম জানান, ইতোমধ্যে এই প্রকল্পকে কেন্দ্র করে ওই গ্রামে এক কোটি টাকার নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়েছে এবং দুই হাজারের বেশি অতিথি খামারটি পরিদর্শন করেছেন। প্রকল্পটির নকশা অনুযায়ী, এখানে ১০০ রুমের রিসোর্ট, কনভেনশন হল, সুইমিং পুল ও বোটিং সুবিধাসহ সমন্বিত কৃষি খামার থাকবে। এছাড়া ৪০০ গরুর খামার, মাছের খামার, ছাগল ও দুম্বার খামারসহ ১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাস প্লান্টের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে ২১টি দেশ ও ৪২টি জেলার এক হাজারের বেশি মানুষ এই প্রকল্পের অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন।