উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। পূজা চলাকালীন কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মাঠে সক্রিয় থাকবেন এবং নিজ নিজ নির্বাচনী এলাকার মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের প্রতিবাদে ২৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগরের উদ্যোগে শাহবাগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে এবং আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সভায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।