উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করেছে জাতীয় যুবশক্তি। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই যুব সংগঠনটি। প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ ছাড়া যুবশক্তির অন্য চার দাবি হলো স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা এবং নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। এছাড়া ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশের দাবি জানানো হয়। ঘেরাও কর্মসূচিতে যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, বিএনপি সরকার তরুণদের কর্মসংস্থান নিয়ে কোনো কার্যকর পরিকল্পনা দেখাতে পারেনি। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি থাকলেও সরকার ক্ষমতায় আসার পর সেগুলো সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি। যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল অভিযোগ করেন যে বিএনপি দ্রুত আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করছে। যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে পাওয়া তথ্য থেকে তাঁদের সন্দেহ হয়েছে, নিয়োগ পরীক্ষায় অনিয়ম আরও বিস্তৃত হতে পারে।