উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা এক বিবৃতিতে তিনি বলেন, এই লড়াই শুধু আপনাদের একার নয়, ঢাকা থেকে আমরা আপনাদের পাশে আছি। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সংগঠক ও বর্তমানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভারতের গণতান্ত্রিক শক্তিগুলোর উদ্দেশে এই বার্তা দেন। নয়াদিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারী, সংগঠক ও সাংবাদিকদের আটক, ইন্টারনেট সেবা বন্ধ এবং যন্তর মন্তরে বিধিনিষেধ আরোপের তীব্র সমালোচনা করেছেন নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন, এসব পদক্ষেপ মৌলিক স্বাধীনতার প্রতি সরাসরি হুমকি এবং ব্যারিকেড কিংবা সেন্সরশিপ কোনো সমস্যার সমাধান হতে পারে না। বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, জবাবদিহিমূলক ক্ষমতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দাবিতে আন্দোলনরত ভারতীয় তরুণদের লড়াইকে তারা গভীরভাবে উপলব্ধি করেন। বিবৃতিতে দক্ষিণ এশিয়ায় হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ, ফ্যাসিবাদ ও কোনো ধরনের ধর্মীয় আধিপত্য প্রত্যাখান করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ধর্ম, জাতপাত, লিঙ্গ কিংবা শ্রেণিনির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ গড়ে উঠতে হবে। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সম্মান জানানোর আহ্বান জানিয়ে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। সীমান্তে হত্যাকাণ্ড, পানি বণ্টন, পরিবেশ সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্বের মতো দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। ভারতের গণতন্ত্রকামী জনগণের উদ্দেশে তিনি বলেন, ঢাকা থেকে এবং জুলাই প্রজন্মের অপূর্ণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা পাশে রয়েছেন। আন্দোলনকারীদের অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একে অপরকে রক্ষা করতে হবে এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ফ্যাসিবাদ ও বিভাজনের হাতে ছেড়ে দেওয়া যাবে না।