উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সরকার জ্বালানি, বিদ্যুৎ ও সার খাতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে ব্যয় করে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এই সুবিধার একটি বড় অংশ প্রকৃত দরিদ্রদের পরিবর্তে তুলনামূলক সচ্ছল পরিবারের কাছে চলে যাচ্ছে। সার ভর্তুকির ক্ষেত্রে বড় জমির মালিকরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। তথ্যানুযায়ী, সবচেয়ে বড় ২০ শতাংশ ভূমি মালিক মোট সার ভর্তুকির প্রায় ৫০ শতাংশ পাচ্ছেন, যেখানে ক্ষুদ্রতম ৪০ শতাংশ ভূমি মালিকের ভাগে পড়ছে মাত্র ১৩ শতাংশ। কৃষি বাজেটের সিংহভাগ ভর্তুকিতে ব্যয় হওয়ায় গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের মতো দীর্ঘমেয়াদি খাতে বিনিয়োগ কম হচ্ছে। বিদ্যুৎ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য দেখা গেছে। সবচেয়ে দরিদ্র পরিবারের প্রায় অর্ধেক অংশ এখনো সামাজিক সুরক্ষা সুবিধার আওতার বাইরে রয়েছে, অথচ ধনী পরিবারের একটি উল্লেখযোগ্য অংশ এসব সুবিধা ভোগ করছে। ফলে সরকারি ব্যয়ের বিপরীতে দারিদ্র্য বিমোচনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী, কেবল ভর্তুকির পরিমাণ নয়, বরং কারা সুবিধা পাচ্ছে তা নিরূপণ করা জরুরি। সঠিক ব্যক্তি বা পরিবার শনাক্ত করতে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর) চালু এবং আয় ও আর্থিক সক্ষমতাকে বিবেচনায় নিয়ে সহায়তা পুনর্বিন্যাস করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।