উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান দাবি করেছেন যে, একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে। শুক্রবার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, অটোরিকশা আন্দোলনের পেছনে রাজনৈতিক নেতাদের স্বার্থ জড়িত রয়েছে। প্রশাসকের এই বক্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দিতে না পারলে প্রশাসককে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা আবশ্যক। অটোরিকশা সংক্রান্ত সমস্যাগুলো জনস্বার্থের আলোকে যুক্তি ও তথ্যের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে দলটি। উল্লেখ্য যে, ডিএনসিসি প্রশাসক সরাসরি কারও নাম উল্লেখ না করলেও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করেছেন বলে প্রতীয়মান হয়। এর আগে ৫ অক্টোবর মিয়া গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।