উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
ভোট এলে দেশের রাজনৈতিক নেতারা বেশি ইসলামিক সাজার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে এক বইমেলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তরুণ আলেমদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে যাতে তাঁরা অন্যের গেমের ঘুঁটি না হয়ে নিজেদের খেলার খেলোয়াড় হতে পারেন। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী ও পরবর্তী আমির জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত ‘তুরাস’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই বক্তব্য দেন হাসনাত। ২০০৮ সালের নির্বাচনপরবর্তী সময়ে আলেমদের ওপর রাষ্ট্রীয় অত্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়কার নির্যাতন নিয়ে সেভাবে একাডেমিক কাজ হয়নি, যা এই নতুন বইটি পূরণ করবে। আলেমদের পেশাগতভাবে বহুমুখী হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাঁদের রাষ্ট্রের মূলধারার পেশায় অংশ নিতে হবে। এ সময় তিনি বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকার এবং জুলাইয়ের সুযোগকে সমন্বিত উদ্যোগে কাজে লাগানোর তাগিদ দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষ অনিরাপদ—এই প্রচারকে মিথ্যা প্রমাণ করার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। সামনে দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসবে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আলেমরা পরমতসহিষ্ণু নন—এমন দোষ যেন কেউ দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম গড়ে তুলতে হবে।